শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : সেতুমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কারিশমাকে শুধু অতিক্রম করেন নাই, নিজ দক্ষতার গুণে তিনি আওয়ামী লীগকেই অতিক্রম করেছেন। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই। তিনি (শেখ হাসিনা) তার যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষণতার মাধ্যমে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদেরও হার মানিয়েছেন। বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে আজ বাংলাদেশ পরিচিত হয়েছে শেখ হাসিনার জন্য।
 
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, `সময়রেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা' বইয়ের মোড়ক উন্মোচন, শেখ হাসিনার জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনী ও সদ্য প্রয়াত সব্যসাচী লেখক ও কবি সৈদয় শামসুল হকের  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।
IMG0
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলার সাহিত্যের প্রবাদপ্রতীম এক পুরুষ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। এই শিল্পীর জীবনের পরিসমাপ্তি আমাদের শিল্প সাহিত্যের জন্য এক বিরাট ক্ষতি। কৃতজ্ঞ ও বেদনাচিত্তে আমরা তাকে বিদায় অভিবাদন জানাই।
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, বর্তমানকে সমৃদ্ধ করে ভবিষ্যৎ গড়তে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, একটি রাজনৈতিক সংগঠনের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ- গবেষণা, গ্রন্থণা ও অনুবাদ। আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। কিন্তু এসব কাজে আমরা তেমন নজর দিচ্ছি না। আমরা একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের মানুষ। বর্তমানকে সমৃদ্ধ করার মাধ্যমে ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। বাংলা ও বাঙালির যা কিছু ভালো অর্জন, তার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সব সময় ছিল।
 
সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন-যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান । শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা এবং সদ্য প্রয়াত সব্যসাচী লেখক ও কবি সৈদয় সামছুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম।
IMG1
মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। সভা পরিচালনা করেন যৌথভাবে যুবলীগ যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এমরান হোসেন খান, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান।
 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত ‘সমরেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।অনুষ্ঠানস্থলের প্যান্ডেলের দুই পার্শ্বে  শেখ হাসিনার জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি