ইন্ডিয়ার ভিসা করতে এসে রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক সাবেক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী রবু (৬০) খাদ্য মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লোলিতনগর এলাকার মারকান্দা গ্রামে। তিন মাস আগে তিনি নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কমিউটার ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি বর্ণালী মোড় রেলক্রসিং অতিক্রমের সময় রবু রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। তবে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে কিছুটা সামনের দিকে ঠেলে নিয়ে যায়। এরপর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রবু।
প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, ট্রেন আসছে দেখে গেটম্যান রেলক্রসিং নামিয়ে দেন। এ সময় রাস্তার দুই ধারে যানবাহনসহ লোকজন দাঁড়িয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ট্রেনটি আসামাত্র লোকটি রেললাইনের ওপর যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দেয়।
রাজশাহী রেলওয়ে জিআরপির সৈয়দপুর জোনের সেকেন্ড অফিসার জুলফিকার আলী ভুট্টু বলেন, পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
