টাকা আত্মসাত : ৩ ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৭
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে সিটি ব্যাংকের  সাবেক শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়। তারা হলেন- সিটি ব্যাংক লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার শাখা  ব্যবস্থাপক (বর্তমানে চাকুরিচ্যুত) মো. মুজিবুর রহমান (৫৮), সাবেক ক্যাশ ইনচার্জ মো. গিয়াস উদ্দিন (৪৮) ও সাবেক কাস্টমার সার্ভিস অফিসার ও বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাজ্জাদুর রহমান (৩৮)।
 
দুদক সুত্রে জানা যায়, সিটি ব্যাংকের জিন্দাবাজার শাখার ৭ কর্মকর্তার যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আখলাক মিয়ার নামে করা ৭০ লাখ টাকার এফডিআর থেকে তার অজান্তে প্রায় ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন।
 
বুধবার এ ঘটনার অনুসন্ধানে রেকর্ডপত্র ও সাক্ষ্য প্রমাণে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার পর মামলার তদন্ত কর্মকর্তা সিলেট দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেভা হালাদার তাদের গ্রেফতার করেন।
 
ইত্তেফাক/ইউবি