ঠাকুরগাঁওয়ে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৩
মাধ্যমিক শ্রেণির পরীক্ষার মান বণ্টন পরিবর্তনসহ ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ১৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
 
বুধবার দুপুরে চৌরাস্তায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২ ঘণ্টা শহরের যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেওয়া হয়।
 
পরে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে উল্লেখ রয়েছে যে, ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দুই ঘণ্টা ১০ মিনিটে দেওয়া অনেক কঠিন হয়ে যায়। সেখানে দুই ঘণ্টা ৩০ মিনিটে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল সাতটির পরিবর্তে ছয়টি করার দাবি জানান শিক্ষার্থীরা।
 
এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজসহ প্রায় ১৩ স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/এএন