কুমিল্লায় পোশাক কর্মীর লাশ উদ্ধার, আটক ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৫
 
কুমিল্লায় লিপি আক্তার নামে এক পোশাক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জুলেখা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 
 
কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকার বিদ্যুৎ কর্মচারী ময়নাল হোসেন মণ্ডলের তিন তলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বুধবার রাতে ওই পোশাক কর্মীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। 
 
লিপি আক্তার জেলার চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের এরশাদ মিয়ার মেয়ে ও কুমিল্লা ইপিজেডের নাসা গার্মেন্টস এর কর্মী ছিল বলে পুলিশ জানিয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ কর্মচারী ময়নাল হোসেন মণ্ডলের ওই বাড়িতে জেলার নাঙ্গলকোট উপজেলার পদুয়া গ্রামের আবদুল্লাহ ও তার স্ত্রী জুলেখার ভাড়া নেয়া ফ্ল্যাটের একটি কক্ষে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী লিপি আক্তার (১৮)। 
 
বুধবার সন্ধ্যায় লিপি আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রচারণা চালিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার লাশ নিয়ে ওই বাসায় ফিরে আসে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ওই বাসা থেকে লিপির লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য জুলেখাকে আটক করে থানায় নিয়ে যায়। 
 
ওই ঘটনার পর থেকে বাড়ির মালিক ময়নাল হোসেন ও জুলেখার স্বামী আবদুল্লাকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, লিপি আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 
 
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ কিংবা মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
 
ইত্তেফাক/কেকে