উখিয়ার শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া ঘাটঘর গ্রামে শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১১ টায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠায়।
জানা গেছে, রাজাপালং ইউনিয়নের মো. কালুর ছেলে নুরুল ইসলামের (২২) সঙ্গে সোনারপাড়া ঘাটঘর গ্রামের আলী আহমদের মেয়ে রোজিনা আক্তারের (২০) বিয়ে হয় গত তিন বছর আগে। তাদের সংসারে একজন ছেলে সন্তান রয়েছে।
মামলার বাদী মো. ইসমাঈল জানান, নুরুল ইসলামের স্ত্রী রোজিনার পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে।
পরে তার মুখে বিষ ঢেলে দেন বলে জানান ইসমাঈল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
