নাটোরে ২ স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৬
নাটোর সদর উপজেলায় দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
বুধবার রাতে হাসলা বাজারে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণ ও রুপা মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে গেছেন।
 
জানা গেছে, বুধবার রাত দুইটার দিকে একটি বড় ট্রাক নিয়ে ১৫/২০ জনের একদল ডাকাত হাসলা বাজারের চার পাহারাদারকে ধরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে মারধর করে বাজারের গলির মধ্যে আটকে রাখে। পরে ডাকাতদল মৌসুমী জুয়েলার্স ও জোবেদা জুয়েলার্সের দরজার তালা ভেঙ্গে ভিতরে ডুকে। তারা মৌসুমী জুয়েলার্সের ভিতরে থাকা সিন্দুকটি মাথায় করে ট্রাকে তুলে নেয় এবং জোবেদা জুয়েলার্সের ভিতরে থাকা নগদ টাকা ও সব স্বর্ণ-রুপা লুট করে নেয়। ভোরের দিকে স্থানীয় লোকজন বাজারে ওই দুই স্বর্ণের দোকানের তালা ভাঙ্গা এবং পাহারাদার চারজনকে গলির ভিতরে চোখ-মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্বর্ণের দোকান মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। মারাত্মক আহত পাহারাদার মো. আব্দুল হান্নান (৫০) ও আহম্মদ আলীকে (৬০) চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
মৌসুমী জুয়েলার্সের মালিক মো. আব্দুল মজিদ শাহ্ জানান, তার দোকানের সিন্দুকে রাখা নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণ ও দুই শ ভরি রুপাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ডাকাতদল লুটে নিয়েছে।
 
জোবেদা জুয়েলার্সের মালিক সাইফুল ইসলাম জানান, তার দোকানের নগদ ৫৫ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতদল লুট করে নিয়েছে।
 
নাটোর সদর থানা পুলিশ কর্মকর্তারা বৃস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দোকান মালিকসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত দুই পাহারাদারের সঙ্গে কথা বলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ