পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বর্প দংশনে ফেরদৌসি আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে খায়ের ঘটিচোরা গ্রামে নিজ বসতঘরে এ দুর্ঘটনার শিকার হয় ফেরদৌসি।
ফেরদৌসি আক্তার নূরুল হকের মেয়ে। তিনি মিরুখালী স্কুল এন্ড কলেজের ছাত্রী ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কলেজের চলমান পরীক্ষায় অংশ নিয়ে তিনটি পরীক্ষা দেয়। বৃহস্পতিবার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকালে ভাত রান্না করতে তিনি রান্না ঘরে যান। রান্না ঘরের মাচান থেকে জ্বালানি কাঠ নামানোর সময় বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। এ সময় তিনি চিত্কার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
গুরুতর অবস্থায় স্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
