দুই ভোট কেন্দ্র স্থগিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের হাউসনগর সরকারি প্রাথমিক ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষে আহত সাত
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা রবিবার গাংনীর পৃথক ভোট কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গিয়াস উদ্দীন ও তার ছেলে ওবাইদুল্লাহ আহত হয়েছেন।
কালীগঞ্জের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে একদল বহিরাগত কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এরপর প্রিজাইডিং অফিসার বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে তিনি ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
পাঁচ কেন্দ্র স্থগিত, পুলিশের লাঠিচার্জে আহত আট
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা রবিবার বাজিতপুর শহরের গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্রে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুুলিশের লাঠিচার্জে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল-আমিন, নৌকার প্রার্থীর ভাই শওকত আকবরসহ আটজন আহত হন।
