মেয়ে অসুস্থ, তাকে শহরের হাসপাতালে নিতে হবে। কিন্তু শহরে যাওয়ার রাস্তা নেই, নেই দ্রুত যান চলাচলের ব্যবস্থা। অগত্যা তাই মেয়েকে মাথায় নিয়েই নদী পেরিয়ে হাসপাতালে পৌঁছালেন বাবা।
ঘটনাটা ভারতের হায়দ্রাবাদের। সদ্য ঘটা এই ঘটনার ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়।
হায়দ্রাবাদের মাওবাদী অধ্যুষিত আদিবাসী গ্রাম কুদুমসারিতে পাকা রাস্তা নেই। ভারি বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের অন্যান্য এলাকার মতোই ভেসে গেছে গ্রাম। শহরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে সতীবাবুর সদ্যোজাত অসুস্থ শিশুকে নিয়ে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পৌঁছনোর একমাত্র উপায় ছিল ওই নদী পেরনো।
শহরে যাওয়ার সব চেষ্টা বিফলে যাওয়ায় অসুস্থ সন্তানকে মাথায় নিয়ে নদী পেরিয়ে আরও পাঁচ কিলোমিটার হেঁটে তিনি ওই চিকিৎসাকেন্দ্রে পৌঁছান। গ্রামবাসীদের নিষেধ উপেক্ষা করে সন্তানকে প্রাণে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সতীবাবু। প্রতিবেশীর বিপদে অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন আরও কয়েকজন আদিবাসী।
যদিও এই ঘটনার পর কুদুমসারি গ্রামের অনেকের মুখেই এখন প্রশ্ন সতীবাবু যা করলেন, সবাই কি তা করতে পারেন? তাই শহরের থেকে দূরে এই গ্রামের মানুষগুলো শুধু দাবি করছেন, শহরের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা গড়ে উঠুক এই আদিবাসী গ্রামগুলোতে।
ইত্তেফাক/এএম
