কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩
কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত  অপর এক কনস্টেবলসহ দুই পুলিশ সদস্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আরিফুল ইসলাম (২৫) নওগাঁর বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
 
পুলিশ জানায়, শুক্রবার  ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে টহল শেষে ইসলামি বিশ্ববিদ্যালয় থানায় একটি মাহেন্দ্রতে করে ফিরছিলেন ওই পুলিশ সদস্যরা। ওই সড়কের শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে পুলিশকে বহন করা মাহেন্দ্রটিকে একটি ট্রাক  ধাক্কা দেয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত ট্রাকটি আটক করা যায়নি।’
 
ইত্তেফাক/এএসএমইউ