সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ডব্লিউপিএস সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৫

বিশেষ প্রতিনিধি

মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ওম্যান পিস এন্ড সিকিউরিটি (ডব্লিউপিএস)  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএসপিআর’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

এনডিসিতে ক্যাপস্টোন কোর্সের উদ্বোধন

এদিকে মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) গতকাল রবিবার ১১তম ক্যাপস্টোন কোর্সের উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি থেকে কোর্সের উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। কোর্সে সংসদ সদস্য, সচিব পর্যায়ের কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, প্রখ্যাত শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিত্সাবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, অনারারী কনসাল জেনারেল এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মোট ৩৫ জন ফেলো অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সকল অনুষদ সদস্য এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।