নাটোরের গুরুদাসপুর উপজেলায় ডাকাত সন্দেহে পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর বাজার থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আটকরা হলেন, তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের মো. আকবর আলী (৩৫), ওই গ্রামের মো. বসির উদ্দিন (৩২), ইমরান আলী (২২), ইসলাম হোসেন (৩০) ও ট্রাক চালক টাঙ্গাইলের কালিহাত উপজেলারদিলীপ কুমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি পিকাপ ভ্যানে ওই পাঁচ ডাকাত শিকারপুর বাজারে অবস্থান নেয়। আচরণ সন্দেহজনক হওয়ায় বাজারের নৈশ প্রহরীরা তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় নৈশ প্রহরীদের সঙ্গে তাদের বাক্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাদের আটক করে গনপিটুনি দেয়। শুক্রবার সকালে স্থানীয় থানায় খবর দেয়া হয়।
গুরুদাসপুর থানার এসআই রফিক বলেন, তাদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। নাটোরের ডাকাতির সঙ্গে ওই পাঁচজনের সম্পৃক্ততা আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/এএসএমইউ
