মানিকগঞ্জের বানিয়াজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মুরাদ হোসেনের স্ত্রী শামিম আরার (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মারা যান তিনি। শামিম আরা জেলার দৌলতপুর উপজেলার শ্যামনগর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, রাতে ডিউটি শেষে ভোর চারটার দিকে সদর উপজেলার ভাড়া বাসায় ফেরেন কনস্টেবল মুরাদ। এ সময় তার স্ত্রী বাসার গেট খুলে দিতে গেলে মুরাদের গাড়িটি গেটের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গেটের দেয়াল ভেঙে শামিম আরার উপরে পড়লে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামিম আরার ভাই মাসুদ মিয়া অভিযোগ করেন, স্বামী মুরাদ প্রায়ই টাকা-পয়সার জন্যে তার বোনকে মারধর করতেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
