ঢাকায় থাই মেলা শুরু বুধবার

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকায় বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ‘থাই টপ ব্র্যান্ড’ শীর্ষক তিনদিনের থাই মেলা। থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে থাইল্যান্ডের স্বনামধন্য সব প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। শুক্রবার পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ের বলরুমে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। মেলায় থাই প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান থাই পণ্য আমদানি করে এবং থাই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়। এ উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর সুয়েবসাক জাংবুন রুয়াং। এ মেলায় স্থান পাবে স্বাস্থ্যসেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালি পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, টেক্সটাইল এবং ফেব্রিক, হ্যান্ডব্যাগ, অন্তর্বাস, অলংকার, কনফেকশনারি ও শিশুপণ্য। এ মেলা উপলক্ষে বাণিজ্য বিষয়ক দপ্তর এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজন করবে থাই ফুড ফেস্টিভ্যাল। এছাড়া থাকছে থাই শিল্পীদের পরিবেশনায় থাই ক্ল্যাসিক্যাল নৃত্য পরিবেশনা।