সখীপুরে বাল্যবিয়ে না দেয়ার শপথ মায়েদের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৫
 
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে না দিতে তিন শতাধিক মা শপথ নিয়েছেন। শুক্রবার সকালে স্থানীয় বেসরকারি এনজিও সংস্থা ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ সখীপুর উপজেলা সিডিপি শাখার এক অনুষ্ঠানে মায়েরা এ শপথ নেন।
 
‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানে জাতীয় কন্যাশিশু দিবস পালন ও শিশুশ্রম বন্ধে করণীয় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি এনজিও সংস্থা ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ সখীপুর উপজেলা সিডিপি শাখা। এ উপলক্ষে শুক্রবার সকালে সংস্থাটির আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ের তিন শতাধিক মা ও তাঁদের শিশুকন্যা বাল্যবিয়ে বিরোধী  নানা স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।
 
শোভাযাত্রা শেষে এনজিও সংস্থাটির আয়োজনে উপজেলার কালিয়ান পাড়া কার্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্থাটির স্থানীয় শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কন্যাশিশুর বিয়ে না দিতে এবং শিশুশ্রম বন্ধে  মায়েদের উদ্দেশ্যে  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, গজারিয়া ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে ওই সমাবেশেই উপস্থিত তিন শতাধিক মা তাঁদের কন্যাশিশুদের বাল্যবিয়ে না দিতে সন্মুখে মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে শপথ নেন। পরে শিশুকন্যাদের মানসিক বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

ইত্তেফাক/এএম।