জাবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৫:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন প্রতিনিধি ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
জাবি সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ক্লাস রুমে অনুষ্ঠিত হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত। এসময় তিনি বলেন, 'দেশে সাংবাদিকতা পেশায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। কারণ বর্তমানে সাংবাদিকতায় দেশ ও মানুষের সেবা করার পাশাপাশি আর্থিক সচ্ছলতারও সুযোগ রয়েছে।'
 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আশীষ সৈকত বলেন, 'তোমরা সংবাদ প্রকাশ করার সময় অবশ্যই দেশের স্বার্থ মাথায় রেখে সংবাদ প্রকাশ করবে। তোমাদের সংবাদের কারণে যেন দেশের সুনাম কখনোই নষ্ট না হয় সে দিকে অবশ্যই নজর রাখতে হবে।' এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
 
এর আগে সাংবাদিক সমিতির পক্ষ থেকে আশীষ সৈকতকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির আ্যলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহিদুল হক মঞ্জু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রেজাউল হক কৌশিক,সমিতির বর্তমান সভাপতি বেলাল হোসাইন রাহাত, সহ-সভাপতি সানাউল্লাহ মাহী,সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজন প্রমুখ। 
 
উল্লেখ্য, গত ২৬ আগস্ট থেকে শুরু হওয়া সাংবাদিক সমিতির দুইমাসব্যাপী এ কর্মশালার এটি ছিল চতুর্থ ক্লাস
 
ইত্তেফাক/এসএস