খুলনায় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭তম বিসিএস পরীক্ষায় মো. শায়খুল ইসলাম নামে একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভুয়া প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় ভ্রাম্যমাণ আদালত শুক্রবার তাকে এ শাস্তি দেন।
শায়খুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামের মো. ফরিদুর রহমানের পুত্র।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, মো. শায়খুল ইসলাম ভুয়া প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন-১৯৮০’র ৩ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন। এসময় পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আছাদুজ্জামান নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, অপরাধীকে শুক্রবার বিকালে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, জিলা স্কুল, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পাবলিক কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ১৪ হাজার ৫০৬জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৪৭২জন অংশ গ্রহণ করেন।
