যৌতুকের দাবিতে সাতক্ষীরার তালায় রেশমা বেগম (২২) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা চারটার দিকে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রেশমা বেগমের মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার আগোলঝাড়া গ্রামের আব্দুল গফুর মোড়লের মেয়ে রেশমা খাতুনের সাথে একই উপজেলার বালিয়া গ্রামের আহম্মেদ শেখের ছেলে নজরুল ইসলাম কবিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য রেশমার উপর স্বামী কবির চালাতো নির্যাতন। তারই ধারাবাহিকতায় শুক্রবারও তার উপর নির্যাতন চালানোর একপর্যায়ে রেশমার মৃত্যু হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মো. ফয়সাল হোসেন জানান, যখন রেশমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে, তখন তার মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তালা থানার ওসি মো. ছগির মিঞা জানান, বিষয়টি আমি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানা হেফাজতে নেয়া রয়েছে।
ইত্তেফাক/এএম।
