যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০১
 
নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে যৌতুক না পেয়ে মাহমুদা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাহমুদা আক্তার কাহেতুরা গ্রামের নাসির মিয়ার স্ত্রী ও একই এলাকার আক্তার মোল্লার মেয়ে।
 
নিহত মাহমুদার বাবা আক্তার মোল্লার অভিযোগ, প্রায় পাচঁ বছর আগে বাবর আলীর ছেলে নাছির মিয়ার সাথে বিয়ে হয় মাহমুদার। বৃহম্পতিবার দুপুরে মাহমুদার উপর নির্যাতন চালায় স্বামী নাসির মিয়াসহ পরিবারের লোকজন। এরই মধ্যে নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে মাহমুদা সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে মুখে বিষ ঢেলে বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়। চিকিত্সার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
 
নাসিরনগর থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন সুমন জানান, প্রাথমিক ধারনা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের রির্পোট আসলে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এএম।