টাঙ্গাইলের ঘাটাইলে মো. মজনু মিয়া (৪৫) নামে এক সিএনজি চালককে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ঘাটাইল পৌরসভাধীন কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকায় দুই স্বর্ণ ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, দুপুরে দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে স্বর্ণ ব্যবসায়ী জীবন কর্মকার (৫০) ও মিঠুন কর্মকারের (২৬) সাথে সিএনজি চালক মজনু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জীবন কর্মকার কাচের বোতলে করে এসিড মজনু মিয়ার শরীরে ছুড়ে মারে। এতে তার চোখ, মুখ, গলা ও বুক সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত মজনু মিয়া বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন আছে।
এ ঘটনায় সিএনজি চালকের স্ত্রী মিনারা খাতুন তিন জনকে ঘাটাইল থানায় অভিযোগ করেছেন। এ দিকে ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি চালকরা।
