ভোলায় অস্ত্রসহ ৪ জলদস্যু আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৩
ভোলা সদরের মেঘনা নদীর মাঝের চর এলাকা থেকে জলদস্যু  জাহাঙ্গির বাহিনীর প্রধান জাহাঙ্গির ও তার তিন সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে মেঘনার মাঝের চর এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি রাইফেল, ২টি রামদা, দুটি দা ও ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। 
 
আটকৃতরা হলেন- জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর, তার সহযোগী জয়নাল, গিয়াস ও বাবুল।
 
শুক্রবার বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোন, ভোলা কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড কমান্ডার এসএম সেলিম জাহাঙ্গীর। তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।