চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:২০

চট্টগ্রাম অফিস

নগরীর বন্দর থানার নিমতল এলাকায় গতকাল রবিবার অভিযান চালিয়ে ২৩ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহূত ট্রাকটিও জব্দ করা হয়।

র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম নিমতল এলাকায় অবস্থান নেয়। ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে থামাতে সংকেত দেয় র্যাব সদস্যরা। গাড়িটি রাস্তার পাশে থামিয়ে পালানোর চেষ্টা করে সোহেল ও হোসাইন। পরে তাদের আটক করে র্যাব। এসময় গাড়িটি তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকানো ইয়াবা  উদ্ধার করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবত ট্রাকে করে পণ্য পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে। গ্রেফতারকৃত সোহেল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সেহাদর গ্রামের মো.ইব্রাহিমের পুত্র ও হোসাইন কুমিল্লার দেবীদ্বার থানার মো. আবদুল্লার পুত্র।