মুন্সীগঞ্জে সেতুর রেলিং ভেঙে প্রাইভেটকার নদীতে, নিখোঁজ ৩

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১১:২৬

মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেটকার ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে প্রাইভেটকারে তিন থেকে চারজন আরোহী ছিলেন।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, প্রাইভেটকারটি উত্তর নাকি দক্ষিণ দিক থেকে এসেছে তা জানা যায়নি। টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে প্রাইভেটকারটি ধলেশ্বরেী নদীতে পড়ে ডুবে যায়।

এসআই আরও জানান, প্রাইভেটকারে কত জন ছিলেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রাইভেটকারটিতে তিন-চার জন থাকতে পারেন।

সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২টার দিকে নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির নিচ থেকে নিখোঁজ প্রাইভেটকারটির বাম্পার উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারটি পাওয়া যায়নি।


ইত্তেফাক/ইএইচএম