সিলেটের বাজারে মাছ মুরগির দাম চড়া

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:২০

হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট অফিস

সিলেটের বিভিন্ন বাজারে মাছ, মাংস, ডিম, ব্রয়লার মুরগি ও সবজির দাম বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। তবে চালের মূল্য অনেকটাই অপরিবর্তিত রয়েছে। পিঁয়াজ ও রসুনের দামও নিয়ন্ত্রণে আছে। 

ক্রেতারা জানান, বছরে কয়েকবার মাছ, মাংস ও সবজির দাম বাড়ে বটে। তবে এ সময়ে ব্রয়লার মুরগি আর ফার্মের কিছু মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। কিন্তু এবার ব্রয়লার মুরগি ও মাছের দাম দ্বিগুণ বেড়েছে।

নগরীর বিভিন্ন বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়। যা আগের সপ্তাহের তুলনায় কেজিতে ১০- ১৫ টাকা বেশি। এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে পাকিস্তানি কক জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। মুরগির পাশাপাশি দাম বেড়েছে ডিমেরও। প্রতি হালি ডিম ৩৪-৩৫ টাকা। দেশি মুরগির দাম আরো বেশি। প্রতিকেজি গরুর মাংস ৫০০-৫২০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ ১৫০-২০০ টাকা কেজি, পাঙ্গাস ১৫০-২০০ টাকা, রুই ৩২০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ দিকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। শুধু আলু ও পেঁপে সাধারণের ক্রয় ক্ষমতার  মধ্যে আছে। পটল বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি, একই দাম করলার। ঢেঁড়স ৫০-৬০ টাকা কেজি, একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি, শিম ৫০-৬০ টাকা কেজি, বেগুন প্রতিকেজি ৫০-৬০ টাকা, সজনে ১২০-১৪০ টাকা কেজি, কাঁচা মরিচ ৬০-৮০ টাকা কেজি। পাকা টমেটো ৩০-৪০ টাকা কেজি, গাজর ২০-৩০ টাকা কেজি। তবে পিঁয়াজ ও রসুনের দাম সহনশীল আছে। দেশি পিঁয়াজ ২২-২৮ টাকা ও আমদানিকৃত পিঁয়াজ ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আমদানিকৃত রসুন কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এ দিকে অপরিবর্তিত রয়েছে চালের দাম। বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৫৮-৬০ টাকা, মিনিকেট চাল ৫২-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণা ৩৫-৩৮ টাকা, বিআর-২৮ কেজি ৩৮ টাকা। এ ছাড়া আটা বিক্রি হচ্ছে প্যাকেট ২৬-৩২ টাকা, আমদানিকৃত চিনি ৫০ টাকা, ডাল ৪০-৯০ টাকা, লবণ ৩০-৩৫ টাকা, পোলাউর চাল কেজি ৯০-৯৫ টাকা।