বিয়ে করতে রাজি না হওয়ায় শিশুকে পিটিয়ে হত্যা

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৫০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বয়স্ক এক ব্যক্তিকে বিয়ে করতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যরা এক শিশুকে পিটিয়ে হত্যার পর লাশ পাহাড়ে  গুম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মনি কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। দুই বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।
 
সরেজমিনে জানা গেছে, ৭নং কুমিরা ইউনিয়নের লোহারপুল এলাকার হেলু উদ্দিনের (৫০) সঙ্গে রহমতপুর গ্রামের বাসিন্দা জেবল হোসেনের মেয়ে মনি আক্তারের (১৩) বিয়ে ঠিক করে মেয়ের পরিবারের সদস্যরা। পাত্র বয়স্ক হওয়ায় মনি এ বিয়েতে দ্বিমত পোষণ করায় পরিবারের সদস্যরা প্রায়ই তাকে মারধর করত। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর রাতে মেয়েটির মা-বাবা ও ভাই মিলে আবারো তাকে মারধর করে। এ সময় মনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং পরিবারের সদস্যরা গহীন পাহাড়ে গর্ত করে মাটি চাপা দিয়ে লাশ গুম করে। পর লাশের গন্ধ পেয়ে এলাকার লোকজন সাংবাদিকদের বিষয়টি জানালে শক্রবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
সেখানে দেখা যায়, পাহাড়ে জঙ্গল পরিবেষ্টিত এলাকায় গর্ত করে কাফন পরানো ছাড়াই মেয়েটির লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।
 
মেয়ের বাবা ও স্থানীয় মেম্বার জানায়, মনি ডায়রিয়ায় মারা গেছে। দাফন-কাফনের টাকা তাদের হাতে না থাকায় কবরস্থানে লাশ দাফন করা সম্ভব হয়নি। তবে পাহাড়ে মাটি চাপা, জানাজা না পরানো, কবর না দেয়া, কাফনে কাপড় না পরানো সর্ম্পকে জিজ্ঞাসা করলে নিহতের বাবা কোনো উত্তর দিতে পারেনি।
 
সীতাকুণ্ড থানার এসআই আযম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ