কুড়িগ্রামে অর্ধ কোটি টাকার গাঁজা জব্দ, আটক ১

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৫৮
 
কুড়িগ্রামে ৩৮৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কুড়িগ্রাম শহর লাগোয়া ধরলা সেতুর চেক পোস্টে  তাকে আটক করা হয়। আটককৃত গাঁজার মূল্য প্রায় ৫০ লাখ ১৮ হাজার টাকা।
 
ট্রাক চালক রজব আলী (২২) রাজশাহীর পবা উপজেলার আক্কাস আলীর ছেলে।
 
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে রাজশাহীতে একটি বড় গাঁজার চালান যাচ্ছে এমন খবরে শুক্রবার সন্ধ্যা থেকে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে ধরলা সেতু চেক পোস্টে রাজশাহীগামী একটি ট্রাক আটক করে তল্লাশি চালায়। ধানের তুষ ভর্তি ঐ ট্রাকটির মাঝখানে গর্ত করে বিশেষ কায়দায় ২৮টি বস্তায় রাখা গাঁজা জব্দ করা হয়। এসময় ট্রাক ও এর চালক রজব আলীকে আটক করে।
 
রজব আলী জানান, তার মহাজন রাজশাহীর বানেশ্বর উপজেলার আগলা এলাকার টুটুল ইসলাম।
 
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ জানান, কুড়িগ্রাম জেলায় এই প্রথম এতো বিপুল পরিমাণ গাঁজা আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস