কেসিসির ১২ কাউন্সিলরের আওয়ামী লীগে যোগদান

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:২১

খুলনা অফিস

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি)  নবনির্বাচিত ১২ কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল রবিবার বিকালে খুলনা মহানগর আওয়ামী লীগ ও ১৪ দল আয়োজিত খুলনা অঞ্চলের ১৩ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারী কাউন্সিলররা আওয়ামী  লীগ ও ১৪ দলীয় জোটের নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দেন, আর নেতৃবৃন্দ ও সভায় যোগদানকারীরা তাদের করতালি দিয়ে স্বাগত জানান। আওয়ামী লীগে যোগদানকারী কাউন্সিলরদের অধিকাংশই ইতোপূর্বে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন।

যোগদানকারী কাউন্সিলরগণ হলেন: কেসিসির ১৭ নম্বর ওয়ার্ডের শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০ নম্বর ওয়ার্ডের শেখ মো. গাউসুল আযম, ১৬ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডের মো. গোলাম মাওলা শানু, ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ২ নম্বর ওয়ার্ডের মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের মনিরা আক্তার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এইচ এম ডালিম, ১২ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না এবং ৩১ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেন মিঠু।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মিজানুর রহমান মিজান।