টাকা আত্মসাৎ : খুলনায় ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৮:১৮
খুলনায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুজিবর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
শনিবার তাকে নগরীর খালিশপুর চিত্রালী বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুর ৩টার দিকে মুজিবরকে খুলনা মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 
দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক শামীম ইকবাল জানান, ব্যবসায়ী মুজিবর রহমান খান গম আমদানির এলসির বিপরীতে প্রিমিয়ার ব্যাংক খুলনা শাখা থেকে ৮৭ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সুদসহ ওই টাকার পরিমাণ দাড়ায় ১০২ কোটি টাকা। এ টাকার মধ্য থেকে ৩৮ কোটি টাকা ব্যবসায়ী মুজিবর পরিশোধ করেন। অবশিষ্ট ৬৪ কোটি টাকা পরিশোধ না করে তা আত্মাসাতের চেষ্টা করছেন মুজিবর।
 
প্রিমিয়ার ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় থেকে দুদক খুলনা কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ চলতি বছরের ১২ জুন পাঠানো হয়। দুদক বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এ অভিযোগে শনিবার ব্যবসায়ী মুজিবর রহমান খানকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি