প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২১:০৬
 
গম আমদানির নামে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই ব্যবসায়ীর নাম মুজিবর রহমান খান।
 
শনিবার সকালে  নগরীর খালিশপুর চিত্রালী বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তাঁকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। পরে দুপুর ৩টার দিকে ব্যবসায়ী মুজিবরকে খুলনা মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুজিবর রহমান খান মেসার্স মুজিবর রহমান খান নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এটি আমদানিকারক প্রতিষ্ঠান।
 
দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক শামীম ইকবাল ইত্তেফাককে জানান, ব্যবসায়ী মুজিবর রহমান খান গম আমদানির এলসির বিপরীতে ২০১১ সালের নভেম্বর মাসে প্রিমিয়ার ব্যাংক খুলনা শাখা থেকে ৩৮ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার ৮ শত ৯২ টাকা ঋণ গ্রহণ করেন। এই ঋণের টাকা ২০১২ সালের ৭ জানুয়ারি ২৩ হাজার ৬২৫ টন গম আমদানি করে এবং তা বাজারে বিক্রিও করেন। কিন্তু ব্যাংকের কোনো অর্থ পরিশোধ করেননি। এতে পরবর্তীতে সুদসহ ওই টাকার পরিমাণ দাড়ায় ১০২ কোটি টাকা। ওই ঋণের কারণে ব্যাংক মূল টাকা ছাড়াও আরো ৬৪ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ১২ জুন প্রিমিয়ার ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় থেকে দুদক খুলনা কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ পাঠানো হয়। দুদক বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এ অভিযোগে শনিবার ব্যবসায়ী মুজিবর রহমান খানকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এএম।