ঢাবিতে এশীয় চলচ্চিত্র উৎসব ৩-৪ অক্টোবর

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২১:২০
এশীয় নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে ৩ ও ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
 
উৎসবে এশিয়ার ৭ নির্মাতার ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন- এমসিজে ফিল্ম ক্লাব।
 
প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত এবং টিকেট মূল্য জনপ্রতি ২০ টাকা। উৎসবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। 
 
৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমান।
 
উৎসব উদ্বোধন করবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং মোস্তফা সারোয়ার ফারুকী।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ক্লাবের বর্তমান মডারেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাব প্রকাশিত স্যুভেনির ‘এশীয় চলচ্চিত্র পাঠ’-এর মোড়ক উন্মোচন করা হবে। 
 
সোমবার প্রদর্শিত হবে ‘হাউজ অফ ফ্লাইং ড্যাগার্স’ (চীন)-দুপুর দেড়টায়, ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া) বিকাল ৪টা এবং ‘পিকে’ (ভারত) সন্ধ্যা সাড়ে ৬টায়। মঙ্গলবার ‘ইন দ্যা মুড ফর লাভ’ (হংকং) সকাল ১১টায়, ‘আ সেপারেশন’ (ইরান) দুপুর দেড়টায়, ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান) বিকাল ৪টা এবং ‘রানওয়ে’ (বাংলাদেশ) সন্ধ্যা সাড়ে ৬টায়।
 
প্রদর্শনী শুরুর পূর্বে টিএসসি থেকে টিকেট সংগ্রহ করা যাবে। তবে অনালাইনে টিকেটচাইডটকমে অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে। বাসস।
 
 
 
ইত্তেফাক/এমআই