বিপাকে চামড়া ব্যবসায়ীরা

কালিহাতীতে এক লাখ বিশ হাজার পশুর চামড়া মজুদ

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০০:২১
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চামড়া ব্যবসায়ীরা গত ঈদুল আজহায় কোরবানির পশুর এক লাখ বিশ হাজারটি চামড়া ক্রয় করে প্রক্রিয়াজাত শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলার বল্লার চামড়া ব্যবসায়ী শামীম, শাহীনুর আলম, সুনীল সরকার ও আলহাজ্ব নূরে এলাহী।
 
জানা যায়, উপজেলার বল্লা, নাগবাড়ী, কোকডহরা ও পাইকড়া ইউনিয়নের ছোট ছোট চামড়া ব্যবসায়ীরা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে চামড়া ক্রয় করে থাকেন। এবার আন্তর্জাতিকভাবে চামড়ার দাম কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে স্থানীয় চামড়া ব্যবসায়ীদের মধ্যে। প্রতি বছরের ন্যায় এবারও চামড়া ব্যবসায়ীরা ব্যবসায়িক মুনাফার আশায় কোটি কোটি টাকা এই খাতে বিনিয়োগ করে চরম হতাশায় দিনাতিপাত করছেন। ঈদ উপলক্ষে চামড়ার ব্যাপক যোগান থাকার ফলে চামড়া ব্যবসায়ীরা ব্যাংক ঋণ, এনজিও ঋণ অথবা চড়া সুদে স্থানীয়ভাবে অর্থ জোগাড় করে প্রতিযোগিতাপূর্ণ মূল্যে চামড়া ক্রয় করে থাকেন। প্রতি বছর স্বল্পসময়ে এই খাত থেকে বেশ লাভবান হন কিন্তু এবারের চিত্র ভিন্ন। যার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঢাকা ট্যানারী শিল্প মালিক সমিতি চামড়া প্রক্রিয়াজাতকরণ এলাকা সাভারে শিল্প শতভাগ স্থানান্তর করা সম্ভব না হওয়ায় পুরানো ঢাকায় হাজারীবাগ, শ্যামপুর, পোস্তকলা এলাকার ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়ে থাকলেও এবার তারা হাত গুটিয়ে নিয়েছেন।
 
 
ইত্তেফাক/এএন