লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর রায়পুর গ্রামে ডাকাতিয়া নদীর ওপর থাকা ব্রিজটির দশ বছর ধরে কোনো রেলিং নেই। এতে ব্রিজটির ওপর দিয়ে উপজেলার ৩নং চরমোহনা ও ১০নং রায়পুর ইউনিয়নের চারটি স্কুলের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
গত শনিবার দুপুরে ব্রিজটি পার হতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে গুরুতর আহত হয়। এছাড়াও গত কয়েক মাসে এ ব্রিজের ওপর থেকে মোটর সাইকেল ও কয়েকটি রিকশাসহ বিভিন্ন যানবাহন নিচে নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ব্রিজটি সংস্কারে একাধিকবার গ্রামবাসী জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এখন পর্যন্ত কোনো সুফল আসেনি।
উপজেলার ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল আজম সুমন চৌধুরী জানান, ব্রিজটি দুইটি ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ব্রিজটির দুই পাশে রেলিং না থাকায় লোকজন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী চরম আতঙ্কে রয়েছে। রাতে চলাচল করতে গিয়ে অনেকেই নদীতে পড়ে আহত হয়। আমি নতুন চেয়ারম্যান হওয়ার পরে বিষয়টি কয়েকবার উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে রায়পুর উপজেলা প্রকৌশলী আকতার হোসেন ভুঁইয়া বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটির রেলিং নির্মাণসহ সংস্কার কাজ করা হবে।
ইত্তেফাক/এএন
