আর্ন্তজাতিক ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব খেলাতেই এরকম দেখা যায়। হঠাত্ করে খেলাচলাকালে মাঠে দৌড় দিয়ে ঢুকে পড়ে মেসি, রোনালদোদের স্পর্শ করতে চান এই ‘স্ট্রিকার’ নাম পেয়ে যাওয়া অনুপ্রবেশকারীরা।
গতকাল নজিরবিহীনভাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ঘটনা ঘটলো। ২৯তম ওভারের ঘটনা। তাসকিন আহমেদ তখন তৃতীয় বলের জন্য দৌড় শুরু করেছেন, ঠিক সেই সময় ভিআইপি গ্যালারি থেকে সামান্য উচু বেষ্টনী টপকে নেমেই এক ছুটে মাঠে ঢুকে এলেন মেহেদী নামের এই তরুন। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই প্রবল দৌড়ে একেবারে মাঝমাঠে।
প্রথমটা ঘটনার আকষ্মিকতায় খেলোয়াড়রা একটু ভয় পেয়ে পিছিয়ে গেলেও মাশরাফি ব্যাপারটা বুঝে ফেলেন। সাথে সাথে হাত মিলিয়ে এই তরুনকে বুকে জড়িয়ে নেন। নিরাপত্তাকর্মীরা ততোক্ষনে পৌছে হয়তো কঠোর ব্যবস্থাই নিতেন। কিন্তু মাশরাফির অনুরোধেই তাকে বুঝিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে বিসিবি সূত্রে জানা যায় যে, এই তরুনের নাম মেহেদী। তাকে আপাতত মিরপুর থানায় রাখা হয়েছে।
এমনিতে এই ধরণের ঘটনা খেলাধুলায় আনন্দ দিয়ে থাকলেও এবার একটু শঙ্কা তৈরি করেছে। নিরাপত্তা নিয়ে ভীত ইংল্যান্ড দল একদিন আগেই ঢাকায় এসেছে। ফলে এই ঘটনার প্রভাব নিয়ে ভাবিত বিসিবি।
