ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে সবুজ ত্রিশাল ও সবুজ বিপ্লবের ব্যতিক্রমী ঘোষণা দিলেন। তিনি শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি। ত্রিশাল উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দাপে ৩ লাখ ৫ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ সম্পন্ন করে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই সাথে তিনি সকল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা জীবিত না মৃত এটা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে 'গাছের হেলথ কার্ড' সাথে বিতরণ করেছেন। আর এটা মনিটরিং কারর জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে দায়িত্ব প্রদান করেছেন।
শনিবার ১ অক্টোবর ত্রিশাল উপজেলার দরিরামপুর নজরুল একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনসহ জনপ্রতিনিধিদের নিয়ে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২টি পয়েন্টে একযোগে এক লাখ ৮৫ হাজার গাছের চারা বিতরণ করেন। এ নিয়ে তিনি সকল প্রতিষ্ঠানে ৩ লাখ ৫ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ সম্পন্ন করেছেন।
IMG0
ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ ধরনের সামাজিক আন্দোলন জেলার অন্যান্য উপজেলাগুলোতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। ইউএনও’র এ উদ্যোগটি তাঁর ব্যক্তিগত উদ্ভাবন। গাছের চারা বিতরণ, গাছ বেড়ে উঠা, পরিচর্যা এবং ‘গাছের হেলথ কার্ড’ বিতরণ নতুন মাত্রা যোগ করেছে। এতে করে গাছকে ভালোবাসার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মমত্ববোধও জাগ্রত হবে। রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য।
এক হাতে গাছের চারা, অন্য হাতে গাছের পরবর্তী অবস্থা জানানোর মাধ্যম ‘হেলথ কার্ড’ নিয়ে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে দাঁড়িয়ে ছিল নার্সারি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। এ সবুজ বিপ্লবে শামিল হতে পেরে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। তারা জানায়, গাছের চারা পেয়ে তারা খুবই আনন্দিত। বাড়িতে গিয়ে নিজেরাই এ চারা রোপণ করবে, পানি দিবো, যত্ন করবে। গাছের সমস্যা হলে ‘হেলথ কার্ড’ কার্ডের মাধ্যমে শ্রেণি শিক্ষককে জানাবে। এ চারা থেকেই একদিন গাছ হবে, ফল হবে, কাঠ হবে। এ গাছই আমাদের দিবে বিশুদ্ধ অক্সিজেন। এভাবেই সবুজে ভরে উঠবে ত্রিশাল।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন এ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের সরকারের নিকট দাবি জানান। প্রতিটি উপজেলায় বছরে ১ লাখ চারা ও হেলথ কার্ড বিতরণ করা হলে দেশের ৫শত উপজেলায় ৫ কোটি গাছের চারা রোপণ সম্ভব। সরকার এ উদ্যোগ নিলে একদিকে পরিবেশ রক্ষা পাবে এবং সকলেই বৃক্ষরোপণের এগিয়ে আসবে।
ইত্তেফাক/আরএ
