প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি, একশ কোটি টাকার মামলা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৯:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেইসবুকে পোস্ট করায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র বিএনপি নেতা চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রংপুরে ১’শ কোটি টাকার মানহানি মামলা করেছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। 
 
আজ রবিবার দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মোস্তাক আহমেদের আদালতে ওই মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
 
মামলায় বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার নিজস্ব ফেইসবুক আইডিতে স্ট্যাটাসে লেখেন ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এ ছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেইসবুকে পোস্ট করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি রেজাউল হক রেজা জানান, আদালতের বিচারক মোস্তাক আহমেদ দণ্ডবিধির ৫৫০ ও ৫০১ ধারায় দায়ের করা বাদির অভিযোগ আমলে নেন। তবে অভিযোগ সাইবার সংক্রান্ত হওয়ায় বিচারক তা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 
 
বাদীর আইনজীবী খন্দকার রফিক হাছনাইন বলেন, আসামির এ ধরণের কর্মকাণ্ড ফৌজদারী অপরাধের শামিল। 
 
 
ইত্তেফাক/এমআই