হবিগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে আব্দুল শহীদের (৩২) মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল শহীদ স্থানীয় চাঁনপুর বাজারে মুদি ব্যবসা করেন। দোকানেই ঘুমাতেন তিনি। রবিবার সকালে স্থানীয় লোকজন দোকানের দরজা ভাঙ্গা দেখে তাকে খুঁজতে থাকেন। গ্রামের পাশে খোয়াই নদীর তীরে একটি শিমুল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, তার শরীরে আঘাতের আলামত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ইত্তেফাক/এমএএস
