আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্দোলন করে নয়, একমাত্র আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, যা বিএনপি কখনই পারেনি। এখন দেশে প্রতিহিংসার রাজনীতিও হয় না।’ গতকাল রবিবার রাজশাহীর আদালত চত্ব্বরে অ্যাডভোকেট বার এসোসিয়েশনের বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, রাজশাহীতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের প্রয়োজনীয়তা থাকলে তা অবশ্যই স্থাপন করা হবে।
এর আগে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আইনের শাসন প্রতিষ্ঠায় যারা জড়িত, তাদের কোনোভাবেই বঞ্চিত করতে চান না।’ তারও আগে আইনমন্ত্রী রাজশাহী আদালত চত্বরে অ্যাডভোকেট বার এসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় আইনজীবীদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশন ভবন নির্মাণের তিন কোটি টাকা এবং লাইব্রেরি প্রতিষ্ঠায় ১৫ লাখ টাকা অর্থ বরাদ্দের দেওয়ার প্রতিশ্রুতি দেন।
