কঠোর নিরাপত্তায় ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলন

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২০:৫৮
শুক্রবার ঢাকায় পৌঁছলেও রবিবার প্রথম মাঠে আসেন ইংলিশ ক্রিকেটাররা। বেলা সাড়ে তিনটার দিকে কঠোর নিরাপত্তায় হোটেল থেকে মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে দেয়া হয় জস বাটলারদের। 
 
ওই সময় স্টেডিয়ামের চারপাশ ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগে থেকে দিয়ে রাখা নির্দেশনা অনুযায়ী স্টেডিয়ামের কাছের দোকান-পাট বন্ধ ছিল। ইংলিশ ক্রিকেটারদের বহন করা গাড়ি প্রবেশের আধাঘণ্টা আগে স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ করা হয়। মিরপুরে এসে শুরুতেই ইংলিশ অধিনায়ক বাটলার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ততক্ষণে একাডেমিতে ঘাম ঝরানো শুরু হয়ে গেছে স্টিভেন ফিন, বেন স্টোকসদের। আর ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলনের জন্য রাখা হয়েছে আটজন স্থানীয় নেট বোলার।
 
নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে একাডেমির আশেপাশের ভবনগুলোর ছাদে দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া পুরো স্টেডিয়ামই মোড়া নিরাপত্তার চাদরে। বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেট দলকে এমন নিরাপত্তা দেয়া হয়নি। ইংলিশ ক্রিকেটারদের আবাসস্থল রেডিসন হোটেলেও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হোটেলের চারপাশ নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে নিরাপত্তা সংস্থাগুলো। 
 
রবিবার মিরপুরের একাডেমিতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুশীলন করেন ইংল্যান্ড দল। পক্ষান্তরে অন্যদিকে ইংলিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে সোমবার থেকে। সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। আর ইংলিশরা অনুশীলন সেরে নেবে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে। বাসস।
 
ইত্তেফাক/এসএসএ