ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে রামের লঙ্কা জয়ের সঙ্গে তুলনা করে বলেছেন, লঙ্কা জয় করে রাম যেমন তা বিভীষণকে দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও ভারত তাই করেছে। তিনি বলেন, কোনো দেশকে দখল বা হস্তগত করার কোনো পরিকল্পনা নেই ভারতের। আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না, তবে কেউ আমাদের ক্ষতি করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাঢ়ওয়াল এলাকায় একটি অনুষ্ঠানে গত শনিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন। সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মিরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আসেন পারিকর। ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তার এই বক্তব্যকে উদ্ধৃত করা হয়েছে।
ওই অনুষ্ঠানে মনোহর পারিকর পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে বলেন, অস্ত্রোপচারের পর একজন রোগী যেমন অচেতন অবস্থায় থাকে, পাকিস্তানের অবস্থা এখন তেমন। অস্ত্রোপচারের পর একজন রোগী যেমনটা অচেতন থাকেন সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের দুইদিন পরও পাকিস্তান বুঝতে পারেনি, আসলে কী হয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইকের পক্ষে বলতে গিয়ে আন্তঃসীমান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী।
ইত্তেফাক/এএন
