যশোরে এক পরিবারের তিন ‘জঙ্গি’র আত্মসমর্পণ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৫:২২
যশোরে একই পরিবারের তিনজন ‘জঙ্গি’ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। সোমবার দুপুর দেড়টায় যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান। আত্মসমর্পণকারীরা হলেন, শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা আব্দুল আজিজের তিন সন্তান তানজির ওরফে আশরাফুল, তানজিব আহমেদ এবং মাসুমা আক্তার। এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের (জেএবি) সঙ্গে সম্পৃক্ত। গত ৬ সেপ্টেম্বর যশোর জেলা পুলিশ এই তিনজনসহ ১১ জনের নাম ও ঠিকানা সম্বলিত পোস্টার প্রকাশ করে।
 
ডিআইজি মো. মনিরুজ্জামান  বলেন, ‘সরকারের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তারা আত্মসমর্পণ করছেন। এই পরিবারের অপর তিন সদস্য আব্দুল আজিজের অপর মেয়ে এবং দুই মেয়ে জামাইও খুব শিগগিরই আত্মসমর্পণ করবেন বলে ডিআইজি আশাবাদ ব্যক্ত করেন।'
 
পুলিশের আচরণে সাংবাদিকদের ক্ষোভ
এদিকে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য বেলা ১২টায় এসপি অফিসে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তার আগে সকাল থেকেই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তাদের আত্মসমর্পণের খবর প্রচার হওয়া শুরু হয়। এতে অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডিআইজি এটা কোনো কোনো সাংবাদিকের ‘বিশেষ পেশাদারি সাফল্য’ বলে অভিহিত করলে ইত্তেফাক প্রতিবেদক এর তীব্র প্রতিবাদ জানান। এবং পুলিশের পেশাদারিত্বের পক্ষপাতদুষ্ট আচরণের সমালোচনা করেন। দেড় ঘণ্টা পর সংবাদ সম্মেলন শুরু করা হয়।
 
সংবাদ সম্মেলন করতে বিলম্ব করাসহ এসপির বিরুদ্ধে রিপোর্ট করায় কোনো কোনো সাংবাদিকদের সঙ্গে তার বৈরি আচরণের বিষয়টি সেখানে তুলে ধরা হয়। জবাবে ডিআইজি সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ