নীলফামারীর জলঢাকা উপজেলায় এক ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ব্যবসায়ী সমিতি।
রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধানের কাছে লিখিত এ অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকনের ইন্ধনে তার সমর্থকরা ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনসসহ বিভিন্ন সময় চাঁদা দাবি ও উচ্ছেদের হুমকি প্রদান করে আসছে। এর প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে সমাবেশ করে ওই ইউনিয়নের ব্যবসায়ীরা।
অভিযোগে আরো জানা গেছে, সম্প্রতি ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি ক্লাবঘর তৈরি করে ব্যবসায়ীদের নানারকম হয়রারি করে আসছে চেয়ারম্যান সমর্থকরা। এছাড়াও নিজ স্বার্থে চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আসছেন বলে অভিযোগ করেন তারা।
তারা অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয় চলা অবস্থায় অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের জলঢাকা জিরোপয়েন্ট এনে প্রচণ্ড রোদে মানববন্ধনে দাঁড় করিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন অভিযুক্ত চেয়ারম্যান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহানের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
নেকবক্ত বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বিমল চন্দ্র, জগদীশ চন্দ্র, সেরাজুল ইসলাম, ললিত চন্দ্র, আবেদীন, সুদর্শন, ছাইদুল ও রনজিৎ সাংবাদিকদের বলেন, খোকন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার সমর্থকরা চেয়ারম্যানের ইন্ধনে বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা দোকানঘর বন্ধ করে দেয়ার হুমকি দেন।
এ বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যানের মোবাইলে কয়েক দফা কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান জানান, তদন্ত সাপেক্ষে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
