ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক শিবির ক্যাডার গোলাম রসুল বিপ্লবের নেতৃত্বে সংখ্যা লঘু পরিবারের সম্পত্তি জবর দখল ও দেশ ছাড়ার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে আশাশুনি উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পূজা উদযাপন পরিষদের আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হীরা লাল বিশ্বাস, দীপক কুমার মন্ডল, অসিম বরন চক্রবর্তী ও সত্যজিত মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লবকে দল থেকে বহিষ্কার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে সংগঠন দুটির উপজেলা শাখার নেতারা সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
ইত্তেফাক/এএসএমইউ
