তেঁতুলিয়ায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৬:২২
 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গবরা নদীতে ডুবে সোহেল (১০) ও রতন (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গবরা নদীতে এ ঘটনা ঘটে।
 
সোহেল ওই এলাকার আবুল কালামের ছেলে এবং আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। রতন একই এলাকার আলী আকবরের ছেলে এবং আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
 
স্থানীয়রা জানান, দুপুরে সোহেল ও রতন গবরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
 

তেঁতুলিয়া থানার ওসি সরেস চন্দ্র নদীতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।