ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পদদলিত হয়ে ৫২ জনের প্রাণহানির ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই শোক পালন করা হবে।
ওরোমো অঞ্চলে একটি ধর্মীয় উৎসবে জড়ো হওয়া লোকজন সরকারবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিস ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অন্তত ৫২ জন পদদলিত হয়ে নিহত ও বহু মানুষ আহত হন।
দেশটির ওরোমো সম্প্রদায়ের হাজারো মানুষ বর্ষা ঋতুর অবসান উপলক্ষে থ্যাংকসগিভিং উৎসবের জন্য রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোফতু এলাকায় জড়ো হয়েছিলেন।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে, জমায়েতের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় পদদলিত হয়ে ৫২ জনের প্রাণহানি হয়েছে। বেশ কয়েকজন গভীর খাদে পড়ে যায়। তবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরো অনেক বেশি বলে বিরোধীরা অভিযোগ করেছেন। আঞ্চলিক সরকার বিপর্যয়ের জন্য ‘কান্ডজ্ঞানহীন বাহিনীকে’ দায়ী করেছে। সূত্র: বাসস/ইত্তেফাক/এমএএস
