রাবিতে প্রতি আসনে লড়বে ৩৮ শিক্ষার্থী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৮:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন ভর্তিচ্ছু। 
 
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে কোটাসহ মোট ৪ হাজার ৭১৩ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে ৫৫৪টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে। 
 
সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে রবিবার রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হয়। মোট ৯টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এ পাওয়া যাবে।
 
ইত্তেফাক/ইউবি