ভারতের বিহার রাজ্যে মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আদালতে গড়িয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে এখন চলছে আইনি লড়াই।
বিহারের হাইকোর্ট দুদিন আগে রাজ্যটিতে মদ বিক্রি ও পানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। উচ্চ আদালতের রায়ে বলা হয়, এটা ‘বেআইনি এবং অসাংবিধানিক’। রাজ্যটির সরকার বলছে, তারা একটি নতুন এবং আরো কঠোর মাদকবিরোধী আইন করছে; যা অবিলম্বে কার্যকর হবে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে ‘সমাজের কল্যাণ করবেন।’ এই আইনে কোনো বাড়িতে মদ পাওয়া গেলে সে বাড়ির সকল প্রাপ্তবয়স্ককে গ্রেফতার ও বর্ধিত মেয়াদের জেল হবে। তবে মদ উত্পাদনকারী কোম্পানির একজন আইনজীবী বলেছেন, তার ধারণা এই নতুন নিষেধাজ্ঞাও আদালতে বাতিল হয়ে যাবে।
গত ৫ই এপ্রিল ওই নিষেধাজ্ঞা আরোপের পর বিহারে ১৩ হাজার লোককে গ্রেফতার করা হয়। তবে রাজ্যের নারীরা এর পক্ষে রয়েছেন। কারণ তাদের মতে, মদ্যপান পরিবারের মধ্যে নির্যাতন এবং দারিদ্র্য বাড়ায়। বিহারে এ বছর আগস্ট মাসে দেশি মদ পান করে ১৩ জনের মৃত্যু হয়। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
