ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গ চিত্র পোস্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় সোমবার গাইবান্ধা সদর থানা আমলী আদালতে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন ( সি/আর-৩০৯/১৬)।
বাদী পক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, শুনানি শেষে আদালতের বিচারিক হাকিম জয়নুল আবেদিন বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে আগমী ১৩ নভেম্বরের মধ্যে আদালতে রির্পোট দাখিলের জন্য গাইবান্ধা সদর থানার ওসিকে আদেশ দিয়েছেন।
গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন জানান, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপি নেতা চৌধুরী তানভির আহমেদের পুত্র ও বিগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টায় ফেসবুকে তার নিজস্ব আইডিতে ইংরেজিতে একটি স্ট্যাটাসে লিখেছেন- শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। এছাড়াও ১৫ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যঙ্গ চিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এর পাশাপাশি তার নিজের অফিসিয়াল ফেসবুকের পেজে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করেও তা ছবি আকারে পোস্ট করেছেন। ফেসবুকে প্রদত্ত এ স্ট্যাটাসটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হলে তার রেফারেন্স দিয়ে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে।
