সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২১:১৪
দেশের উভয় পুঁজিবাজারে সোমবার সার্বিক মূল্য সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের সার্বিক মূল্য সূচক প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আসলেও তা ঝুঁকিপূর্ণ নয়। কারণ বাজারে কোম্পানিগুলোর আয় ও দাম অনুপাত হিসাব অনুযায়ী বাজার এখনও বিনিয়োগযোগ্য। তবে কিছু কোম্পানির শেয়ারদর অনেক বেড়েছে। এ কোম্পানিগুলোতে আয় পরিস্থিতি বিবিচনা করেই বিনিয়োগ করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। 
 
একাধিক ব্রোকারেজ হাউস কর্মকর্তা জানিয়েছেন, বাজার ও দেশের অর্থনীতি বিবেচনায় সূচক আরও উপরে থাকার কথা। কিন্তু শেয়ার বিনিয়োগকারীদের আস্থার অভাবে তা হয়নি। এখন কিছুটা আস্থা ফিরে আসায় সূচকও বাড়ছে। 
 
তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৮ লাখ টাকা। আগের দিন লেনদেন ছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ১৩ লাখ টাকা বা ১২ শতাংশ। সোমবার ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬১টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজে এলবিডি’র শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল। আর সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৭ পয়েন্টে।