ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এক পায়রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে লেখা চিঠিসহ একটি পায়রাকে রবিবার আটক করা হয়েছে। উর্দু ভাষায় লেখা হুঁশিয়ারি বার্তাটি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পায়রাটিকে পুলিশের ‘হেফাজতে’ নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গতকাল সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, একদিন আগে একই এলাকা থেকে মোদীকে হুঁশিয়ারি দিয়ে লেখা চিঠিসহ দুটি বেলুন উদ্ধার করা হয়েছিল।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রবিবার বামিয়াল সেক্টরের সিমবাল চৌকির কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর জওয়ানদের নজরে পড়ে পায়রাটি। তারা দেখতে পান, পায়রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে লেখা একটি চিঠি বেঁধে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মোদীজি, ১৯৭১ সালে আমরা যেমন ছিলাম এখনও তেমনই আছি এমনটা ভাববেন না। এখন কিন্তু প্রত্যেক শিশুই ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।
ইত্তেফাক/এএন
